সুনামগঞ্জে অস্ত্রসহ ‘লেডিকান্তা’ ও তার দুই নারী সহযোগী গ্রেপ্তার
সুনামগঞ্জ জেলা শহরের অপরাধ জগতের মূর্তিমান আতঙ্ক হিসেবে পরিচিত ‘লেডিকান্তা’ ওরফে কান্তা বেগম এবং তার দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) গভীর রাতে জেলা শহরের বনানী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তলোয়ারসদৃশ একটি দেশীয় ধারালো রামদা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার একটি চৌকস দল বনানী পাড়ায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তাদের কাছ থেকে উল্লিখিত দেশীয় অস্ত্রটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কান্তা বেগম (মূল হোতা): পিতা- মৃত তারা মিয়া, মাতা- সুলতানা বেগম। সাং- হোসেনপুর (টুকেরঘাট), থানা ও জেলা- সুনামগঞ্জ। সুবর্ণা আক্তার আঁখি: পিতা- হোসেন আলী, স্বামী- আব্দুল আজিজ, মাতা- পারভিন বেগম। সাং- হাছননগর, থানা ও জেলা- সুনামগঞ্জ ও জান্নাত আক্তার: পিতা- আলহাদ মিয়া, মাতা- জুবেদা বেগম। সাং- লক্ষ্মীপুর, থানা- জামালগঞ্জ, জেলা- সুনামগঞ্জ।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ শহর ও এর আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। কান্তা বেগম এই চক্রের মূল চালিকাশক্তি বা ‘টিম লিডার’। তারা মূলত বিভিন্ন বাসাবাড়িতে কাজের খোঁজ করা বা সাহায্যের অযুহাতে প্রবেশ করত। সুযোগ বুঝে ঘরের ভেতরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন চুরি করে চম্পট দিত। কেউ দেখে ফেললে অস্ত্রের মুখে জিম্মি বা ভয়ভীতি দেখাত।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ প্রথম সিলেটকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত কান্তা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
এল আর রাজু/ ডি আর ডি
মন্তব্য করুন: