মায়ের বকা খেয়ে দিরাইয়ে ১১ বছরের শিশুর আত্মহত্যা, লাশ উদ্ধার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মায়ের ওপর অভিমান করে আকিবুল হাসান (১১) নামের এক শিশু আত্মহত্যা করেছে। গতকাল সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার করিমপুর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আকিবুল হাসান বাবা তৌহিদুল ইসলাম, মা আকলিমা বেগম ও ছোট বোন আখির সঙ্গে ঢাকায় বসবাস করত। পারিবারিক কলহের জেরে গত ৮ মে আকলিমা বেগম দুই সন্তানকে নিয়ে ঢাকার বাসা ছেড়ে দিরাইয়ের চানপুর গ্রামে বাবার বাড়িতে চলে আসেন। এরপর থেকে তাঁরা সেখানেই ছিলেন।
স্বজনেরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে আকিবুলকে গ্রামের স্থানীয় একটি স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করার কথা বলেন তার মা আকলিমা বেগম। আকিবুল এতে অস্বীকৃতি জানালে মা তাকে বকাঝকা করেন এবং পড়াশোনা না করলে ঢাকায় বাবার কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলেন। মায়ের ওপর অভিমান করে আকিবুল নিজের ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরিবারের সদস্যরা ভেবেছিলেন সে হয়তো অভিমানে ঘুমিয়ে পড়েছে।
পরে বিকেল তিনটার দিকে আকিবুলের নানা বাজার থেকে বাড়ি ফিরে তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি ঘরের টিনের ফাঁক দিয়ে তাকিয়ে আকিবুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার (বাঁশ) সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আকিবুলের নিথর দেহ উদ্ধার করেন।
খবর পেয়ে দিরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ থানায় নিয়ে আসেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম সিলেটকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে বিষয়টিকে মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রীতম দাস/ ডি আর ডি
মন্তব্য করুন: