সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু: মোট প্রাণহানি ৩১

সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু: মোট প্রাণহানি ৩১

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০৫/২০২৬ ১৫:১০:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ নিয়ে বিভাগে এই রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। বুধবার (১৩ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের হাম ও রুবেলা বিষয়ক দৈনিক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃত শিশুরা হলো—কানাইঘাটের নাজিম উদ্দিনের মেয়ে হাফিজা আক্তার (২ বছর ৩ মাস), জগন্নাথপুরের ফতেহপুর গ্রামের বিলাল আহমদের মেয়ে রাইসা জান্নাত (১ বছর ৫ মাস) এবং ছাতকের তোফায়েল আহমদের মেয়ে আরিয়া জান্নাত (৮ মাস)। এদের মধ্যে হাফিজা ও রাইসা ওসমানী হাসপাতালে এবং আরিয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬০ জনই সিলেটের প্রধান দুটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৯২ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে সর্বোচ্চ ৫৫ জন, ওসমানী হাসপাতালে ৫০ জন এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ সদর হাসপাতালেও অনেক রোগী চিকিৎসাধীন। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে মোট ১৪৭ জনের হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৭৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেটে ৪২ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১৬ জন করে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এ রহমান

মন্তব্য করুন: