পাল্টে যাচ্ছে সিলেট-গোলাপগঞ্জ-শেওলা সড়ক, স্বস্তি লাখো মানুষের

৪ হাজার ২৫৭ কোটি টাকার মেগা প্রকল্প

পাল্টে যাচ্ছে সিলেট-গোলাপগঞ্জ-শেওলা সড়ক, স্বস্তি লাখো মানুষের

নিজস্ব প্রতিনিধি, গোলাপগঞ্জ

২৪/১১/২০২৬ ২০:৫৮:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিলেট-গোলাপগঞ্জ-শেওলা চার লেন সড়ক প্রকল্প। শিগগিরই প্রায় ৪৩ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের খবরে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জসহ পূর্ব সিলেটের লাখো মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন, সিলেট-শেওলা চার লেন ও ছয় লেন সড়ক প্রকল্পটি সিলেট বিভাগের অন্যতম বৃহৎ উন্নয়ন প্রকল্প এবং অল্প কিছুদিনের মধ্যেই এর কাজ শুরু হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, এই সড়ক বাস্তবায়িত হলে বিস্তীর্ণ অঞ্চলের মানুষের যাতায়াত সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হওয়ার পাশাপাশি উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২৩ সালের ১১ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়। ৪ হাজার ২৫৭ কোটি ৭ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পে বিশ্বব্যাংক ২ হাজার ৮৮৬ কোটি ৮২ লাখ টাকা ঋণ দিচ্ছে এবং বাকি ১ হাজার ৩৭০ কোটি ২৫ লাখ টাকা বহন করবে সরকার। শুরুতে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধরা হলেও কাজ শুরুতে বিলম্ব হওয়ায় মেয়াদ আরও দুই বছর বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আন্তর্জাতিক মানের এই প্রকল্পের আওতায় ২৪৭ একর জমি অধিগ্রহণসহ নির্মাণ করা হবে, ৩১টি কালভার্ট ও ৩টি সেতু,১টি ফ্লাইওভার ও ৬টি ওভারপাস,২টি আন্ডারপাস ও ৪টি ফুটওভার ব্রিজ,১টি টোল প্লাজা ও উভয় পাশে সার্ভিস লেন,আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি ও নিরাপত্তা অবকাঠামো।

সংশ্লিষ্টদের মতে, সড়কটি নির্মিত হলে ভারতের সঙ্গে শেওলা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বহুগুণে বৃদ্ধি পাবে।

বর্তমানে সিলেট-শেওলা সড়কের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ, বাঘা, রানাপিং, চারখাই এবং বিয়ানীবাজারের চারখাই ও শেওলা অংশে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। ভাঙাচোরা সড়কের কারণে প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে; প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়দের দাবি, চার লেনের মূল কাজ শুরুর আগে যেন গর্তগুলো দ্রুত মেরামত করা হয়। এ বিষয়ে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী জানান, সড়ক সংস্কারের টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং টেন্ডার শেষ হলেই মেরামত কাজ শুরু হবে।

প্রকল্পটি নিয়ে অতীতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সড়কটি চার লেনে উন্নীত করার প্রয়োজন নেই মর্মে মন্ত্রণালয়ে একটি রেজুলেশন পাঠানো হলে এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরবর্তীতে 'বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট'-এর উদ্যোগে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিবাদ সভা ও জোরালো তৎপরতা চালানো হয়। সম্মিলিত সেই প্রচেষ্টায় প্রকল্পটি আলোর মুখ দেখায় স্বস্তি প্রকাশ করেছেন সমিতির নেতারা।

স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক ও বাসিন্দারা জানিয়েছেন, সরু ও ভাঙা সড়কের কারণে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও খরচ লাগার পাশাপাশি গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে। চার লেন সড়ক বাস্তবায়িত হলে পরিবহন ব্যয় কমার পাশাপাশি নতুন শিল্প-কারখানা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে নির্মাণকাজ চলাকালে বিকল্প যাতায়াত ব্যবস্থা সচল রাখা, কাজের গুণগত মান বজায় রাখা, নিয়মিত তদারকি এবং জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad