শাবিপ্রবি ছাত্র হলের সংযোগ সড়ক বেহাল: ঝুঁকি নিয়ে চলছে ১৫০০ শিক্ষার্থী

শাবিপ্রবি ছাত্র হলের সংযোগ সড়ক বেহাল: ঝুঁকি নিয়ে চলছে ১৫০০ শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি

১১/০৫/২০২৬ ১১:১৩:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘদিন টেকসই সংস্কারের অভাবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হলের সংযোগ সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় খানাখন্দ, যার ফলে নিয়মিত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। দ্রুত সড়কটি মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস থেকে ছেলেদের তিনটি আবাসিক হলের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়কটি। শাহপরাণ হল টিলা, মসজিদ সংলগ্ন এলাকা এবং মেডিকেল সেন্টার থেকে শিক্ষা ভবন-বি পর্যন্ত রাস্তার অবস্থা সবচেয়ে করুণ। এই পথে আবাসিক হলের দেড় হাজার শিক্ষার্থী ছাড়াও পার্শ্ববর্তী টিলারগাঁও ও নয়াবাজার এলাকার কয়েক শ' শিক্ষার্থী প্রতিদিন চলাচল করেন। অভিযোগ উঠেছে, গত দেড় বছরে বিশ্ববিদ্যালয়ে চলমান ১৭টি বড় প্রকল্পের জন্য শত শত ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ২০২২ সালের বন্যার পর কিছু অংশ সিটি করপোরেশন মেরামত করলেও হলের এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি অবহেলিতই থেকে গেছে।

ব্যক্তিগত সাইকেল বা মোটরসাইকেল নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন মুন্না জানান, ভাঙা রাস্তায় সাইকেল চালাতে গিয়ে ভারসাম্য হারিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। ইজিবাইক চালকরাও রাস্তার বেহাল দশার কারণে যান্ত্রিক ত্রুটি ও আয় কমে যাওয়ার অভিযোগ করেছেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী জানান, ভারী প্রকল্পের কাজ চলায় এখনই স্থায়ী আরসিসি ঢালাই সম্ভব নয়, তবে যাতায়াতের উপযোগী করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে আপাতত অস্থায়ী মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কোনো সড়ক সিটি করপোরেশনের আওতায় থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন: