মাধবপুরে এআই ভিডিও বানিয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল

তিনজনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে এআই ভিডিও বানিয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১০/০৫/২০২৬ ২২:৪৩:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সম্মানহানির অভিযোগে হবিগঞ্জের মাধবপুরে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামের ব্যবসায়ী রজব আলী বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে মাধবপুর থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত কাউছার মিয়া ও ফয়সল মিয়া ব্যবসায়ী রজব আলীর বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে জুয়া খেলার একটি ভুয়া ভিডিও তৈরি করেন। গত ৩০ মার্চ ২০২৬ সালে রজব আলী একটি মামলায় কারাগারে গেলে সেই সুযোগে অভিযুক্তরা ২০ এপ্রিল তাঁর বাড়িতে গিয়ে পুত্রবধূ স্বপ্না বেগমের কাছে ভিডিওটি দেখিয়ে ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি ছড়িয়ে দিয়ে রজব আলীর জামিন আটকে দেওয়ার হুমকি দেন ফয়সল। সে সময় রজব আলী ও তাঁর ছেলে কারাবন্দি থাকায় টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন স্বপ্না বেগম। এরপরই ভিডিওটি একটি ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়। ২১ এপ্রিল জামিনে মুক্তি পাওয়ার পর রজব আলী বিষয়টি জানতে পারেন এবং তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ণ হওয়ায় আদালতের শরণাপন্ন হন।
ভুক্তভোগী রজব আলীর পুত্রবধূ স্বপ্না বেগম জানান, কয়েকজন মহিলার উপস্থিতিতেই ফয়সল বাড়িতে এসে ভিডিওটি দেখিয়ে টাকা দাবি করেছিলেন। টাকা না পেয়েই তারা এটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এই আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে নিরীহ মানুষকে হেনস্তা করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ফয়সলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন: