সিটি নির্বাচনে জামায়াত-এনসিপি জোটের ইঙ্গিত নাহিদ ইসলামের

সিটি নির্বাচনে জামায়াত-এনসিপি জোটের ইঙ্গিত নাহিদ ইসলামের

প্রথম ডেস্ক

০৮/০৫/২০২৬ ১১:৪৯:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন স্থানীয় বা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোটবদ্ধ হওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই রাজনৈতিক সম্ভাবনার কথা জানান। নাহিদ ইসলাম বলেন, বর্তমানে আমরা নির্বাচনি জোটে রয়েছি এবং পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচনেও এই ঐক্য বজায় থাকতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনের পরিবেশ ঘনিয়ে এলে জানানো হবে। এনসিপি সংসদে একটি দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি আরও বলেন, তারা পুরোনো দলগুলোর মতো সংসদ অকার্যকর করার রাজনীতিতে বিশ্বাসী নয়। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারে বিএনপির অবস্থান নিয়ে সমালোচনা করে নাহিদ বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্তর্জাতিক যুদ্ধ ও জ্বালানি সংকটের মতো জাতীয় সমস্যাগুলোর সমাধান সংসদে না হলে রাজপথে আন্দোলন গড়াবে, যদিও এর দায়ভার সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকা বিএনপির ওপরই বর্তাবে। এর আগে নাহিদ ইসলাম ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। চট্টগ্রামের রাজনৈতিক কর্মসূচি শেষে চবি ক্যাম্পাসে তাঁদের এই উপস্থিতি ও বক্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: