ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা: বিপর্যস্ত জনজীবন

ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা: বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৮/০৫/২০২৬ ১১:৩৮:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টানা ভারী বর্ষণে হবিগঞ্জ পৌর এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে; শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, বাসাবাড়ি এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেও পানি ঢুকে পড়ায় জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার শহরের অনন্তপুর, মোহনপুর, শায়েস্তানগর, নোয়াহাটি, গার্নিংপার্ক ও শ্যামলীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাটে হাঁটু পর্যন্ত পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। জলাবদ্ধতার কারণে অনেক বাসাবাড়িতে পানি ঢুকে আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে, সেই সঙ্গে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা শোচনীয়; ম্যাগপাই কেজি অ্যান্ড হাইস্কুলের প্রতিটি শ্রেণিকক্ষে পানি ঢুকে টেবিল-বেঞ্চ ও আসবাবপত্র নষ্ট হচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, শহরের খাল ও জলাধার দখল এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবেই সামান্য বৃষ্টিতে এই নরকযন্ত্রণার সৃষ্টি হয়।

মোহনপুর ও শায়েস্তানগর এলাকার ভুক্তভোগী বাসিন্দারা জানান, পৌরসভা নিয়মিত ট্যাক্স নিলেও নাগরিক সেবা দিতে ব্যর্থ হচ্ছে এবং ড্রেন সংস্কারে দীর্ঘমেয়াদি কোনো পদক্ষেপ নেই।

হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল চৌধুরী অবশ্য দাবি করেছেন যে, ড্রেন পরিষ্কার ও নতুন ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে এবং জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তবে সাধারণ মানুষের দাবি, কেবল নামমাত্র পরিষ্কার নয়, বরং শহরের ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং খালগুলো দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করলেই এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি সম্ভব।


এ রহমান

মন্তব্য করুন: