মৌলভীবাজারে কালবৈশাখীর তাণ্ডবে ৮৫৫ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
মৌলভীবাজারে গত দুই দিনের শক্তিশালী কালবৈশাখী ঝড়ে জেলাজুড়ে ৮৫৫টি কাঁচা ও আধপাকা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে জেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা ও বাঁশঝাড় উপড়ে পড়েছে। বুধবার (২৯ এপ্রিল) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে এই ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলায় কয়েক দফা কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে জেলার সাতটি উপজেলা—কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও মৌলভীবাজার সদর উপজেলার অনেক কাঁচা ও আধপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা প্রকল্প কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ৮৫৫টি ঘরের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ১০০ টন চাল এবং ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী দ্রুততম সময়ে এসব ত্রাণ সামগ্রী ও অর্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: