পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু
Led Bottom Ad

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

প্রথম ডেস্ক

২৯/০৪/২০২৬ ১০:২৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টা থেকে রাজ্যের রাজধানী কলকাতার ১১টি আসনসহ দক্ষিণবঙ্গের ৯টি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। উত্তরবঙ্গের সবকটি আসনসহ প্রথম দফার ১৫২টি আসনে গত ২৩ এপ্রিল ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফার এই ভোটযুদ্ধে কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোর ভাগ্য নির্ধারিত হবে। দক্ষিণবঙ্গ ঐতিহ্যগতভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবার বিজেপি এই অঞ্চলে ব্যাপক প্রচারণা চালিয়েছে। বিশেষ করে কলকাতার ভবানীপুর আসনটি নিয়ে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সকালে ভোটগ্রহণের শুরুতেই ভোটারদের বিপুল সংখ্যায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের গণতান্ত্রিক উৎসবে শামিল হওয়ার অনুরোধ করেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, ভবানীপুরসহ বিভিন্ন আসনে কৌশলে হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে তৃণমূল কংগ্রেস আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হচ্ছে এই দফায়। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি নজরদারি চালানো হচ্ছে। উল্লেখ্য, আগামী ৪ মে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এই দফার মাধ্যমেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের পরবর্তী মসনদে কে বসছেন—মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিক নাকি বিজেপির ‘আসল পরিবর্তন’।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad