মৌলভীবাজারে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত: পানিবন্দি ৫ শতাধিক পরিবার
Led Bottom Ad

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত: পানিবন্দি ৫ শতাধিক পরিবার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৮/০৪/২০২৬ ২১:০০:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টানা দুই দিনের অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলায় অন্তত পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলার প্রধান চারটি নদ-নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় বড় ধরনের বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার জুড়ী নদে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা, মনু ও ধলাই নদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের পূর্ব নন্দীউড়া ও ভুজবল গ্রামে উদনা নদী সংলগ্ন এলাকাগুলো প্লাবিত হয়ে বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার, আদমপুর ও পতনঊষার ইউনিয়ন এবং জগন্নাথপুর এলাকার বেশ কিছু ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। একইভাবে কুলাউড়া ও বড়লেখা উপজেলার নিচু এলাকাগুলোও প্লাবিত হয়েছে। পানিবন্দি বাসিন্দারা জানান, বাড়িঘরে পানি ওঠার পাশাপাশি গত তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় তাঁরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, বর্তমানে প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উজানে অতি বৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও নগদ টাকা বরাদ্দের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad