দিরাইয়ে পৃথক দুই গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৪০
সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক দুটি গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার জগদল ও হাজারীপুর গ্রামে দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাজারীপুর গ্রামের বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে দীর্ঘদিনের পুরনো বিরোধ ছিল। মঙ্গলবার দুপুরে সরকারি রাস্তা দিয়ে হাওরের ধান আনাকে কেন্দ্র করে সেই বিরোধ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে। রতিন্দ্র তালুকদারের লোকজন ধান নিয়ে আসার সময় বিজয় তালুকদারের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালালে গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয়। এতে রতিন্দ্র তালুকদারের পক্ষের ১০ জন আহত হন। তাঁদের মধ্যে মিহির তালুকদার (৪০), রান্টু তালুকদার (৩৮), সৈকত তালুকদার (২৪) ও সাগর তালুকদারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একই দিনে জগদল গ্রামে বাড়ির হাঁস-মুরগি অন্যের আঙিনায় যাওয়াকে কেন্দ্র করে আবা মিয়া ও তখলুজ মিয়ার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়লে অন্তত ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে দুই গ্রামেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পি ডি
মন্তব্য করুন: