৬ জন বাংলাদেশী নাগরিকসহ ১ জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি

৬ জন বাংলাদেশী নাগরিকসহ ১ জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৪/১১/২০২৬ ১০:৪৬:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৬ জন বাংলাদেশি নাগরিক ও ১ জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।

গত ১২ নভেম্বর  আনুমানিক রাত সাড়ে দশটায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটক ৬ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ২ জন গোপালগঞ্জ জেলার এবং ৪ জন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে তাদের ভারতে দীর্ঘদিন অবস্থান করে কাজ করার তথ্য পাওয়া গেছে। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এর পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে অধিকতর তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে। এ সময় তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় ১ জন মানব পাচারকারীকেও আটক করা হয়। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের আটকের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। 

 উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর ২০২৬ তারিখেও বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে বিজিবির টহল দল মানব পাচারের শিকার ২ জন বাংলাদেশি নাগরিকসহ ১ জন মানব পাচারকারীকে আটক করে। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়। 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে নজরদারির পরিধি বাড়াতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সার্বিক পর্যবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে, যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করা হচ্ছে।

দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো দুষ্কৃতিকারীসহ সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির।

লতিফুর রহমান রাজু-রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad