চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত মৌলভীবাজারে, জনজীবনে ভোগান্তি
সিলেট বিভাগে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজার জেলায়। গত ২৪ ঘণ্টার টানা ভারী বর্ষণে বিভাগের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) ও বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)-এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে সর্বোচ্চ ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া শেরপুর ও সিলেটের ওসমানীনগরে ১৮০ মিলিমিটার, শ্রীমঙ্গলে ১৭৭ মিলিমিটার, সুনামগঞ্জে ১৩৭ মিলিমিটার, কুলাউড়ায় ১৩৫ মিলিমিটার এবং জকিগঞ্জে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অবিরাম বর্ষণে মৌলভীবাজার শহরসহ বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে যায়। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।
এদিকে মনু নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। এতে হাওর ও নিম্নাঞ্চলের কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে পাকা ও আধাপাকা ধান নষ্ট হওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টি অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে এবং কিছু এলাকায় আগাম বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: