‘জামায়াত কখনোই সুস্থ চিন্তা করে না’
Led Bottom Ad

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

‘জামায়াত কখনোই সুস্থ চিন্তা করে না’

প্রথম ডেস্ক

২৫/০৪/২০২৬ ২৩:৪৮:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব এবার প্রকাশ্য রূপ নিয়েছে। বিএনপিকে নিয়ে জামায়াত আমিরের সাম্প্রতিক ‘ইঞ্জিনিয়ারিং’ মন্তব্যের কঠোর সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করে না।” আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবিলা ও নির্মূল করার হুঁশিয়ারি দেন।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু বলে স্বীকৃতি দিয়েছে, যেখানে বিএনপি ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। জামায়াতের এই ‘ইঞ্জিনিয়ারিং’ তত্ত্বকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, এর পেছনে গণতন্ত্র নষ্ট করে নতুন কোনো ফ্যাসিবাদী শাসনের পাঁয়তারা চলছে কি না, তা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

জামায়াতের অতীত ইতিহাসের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “সমগ্র জাতি সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, আমাদের সেভাবেই কাজ করতে হবে।” তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার ছড়িয়ে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরানোর যে চেষ্টা জামায়াত চালিয়েছিল, তা ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে মহান মে দিবস পালনের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল জানান, আগামী ১ মে দুপুর ২টায় নয়াপল্টনে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্রিফিংয়ে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad