সঞ্চালনা নিয়ে বাগবিতণ্ডা ও মারামারি: সুনামগঞ্জে ব্রাহ্মণ সংসদের সম্মেলন পণ্ড
অনুষ্ঠান সঞ্চালনা নিয়ে দুই পক্ষের মারামারির জেরে পণ্ড হয়ে গেছে সুনামগঞ্জ জেলা ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক জেলা সম্মেলন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দিরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দিরে জেলা ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব বিজয় কৃষ্ণ গোস্বামী। জেলা ব্রাহ্মণ সংসদের আহ্বায়ক নারায়ণ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অশোক কুমার গোস্বামী। সঞ্চালনা চলাকালীন হঠাৎ একটি পক্ষ এসে বাগবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নিলে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সম্মেলন পণ্ড হয়ে যায়।
জেলা ব্রাহ্মণ সংসদের আহ্বায়ক নারায়ণ চক্রবর্তী বলেন, “অনুষ্ঠান সঞ্চালনা নিয়ে হঠাৎ একটি পক্ষ এসে ঝামেলা শুরু করে। তাদের আমরা চিনি না। এই বিশৃঙ্খলার কারণে সম্মেলন ও অনুষ্ঠান বাতিল করতে হয়েছে।”
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ দুই পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই পক্ষকেই মন্দির প্রাঙ্গণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংগঠনের কমিটি গঠন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: