রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর
Led Bottom Ad

রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২১/০৪/২০২৬ ১১:১৪:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উচ্চশিক্ষা ও সুন্দর ভবিষ্যতের আশায় রাশিয়া গিয়ে দালালের প্রলোভনে পড়ে যুদ্ধে জড়িয়ে প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের মুহিবুর রহমান (২৭) নামে এক যুবক। ইউক্রেনীয় ড্রোন হামলায় গত শুক্রবার (১৭ এপ্রিল) রাশিয়ায় তাঁর মৃত্যু হলেও গতকাল সোমবার (২০ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়। নিহত মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুহিবুর বছর কয়েক আগে শিক্ষার্থী হিসেবে রাশিয়ায় পাড়ি জমান এবং সেখানে আড়াই বছর পড়াশোনা করেন। সর্বশেষ গত বছর দেশে এসে বিয়ে করে পুনরায় রাশিয়ায় ফিরে যান। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন যে তিনি রাশিয়ান সেনাবাহিনীর বাংকারে রান্নার কাজ করেন। তবে মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমানের ধারণা, দালালেরা মোটা অঙ্কের বেতন ও স্থায়ী নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে তাঁকে যুদ্ধে অংশ নিতে বাধ্য করেছিল। গত সপ্তাহে একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই মুহিবুর নিহত হন। রাশিয়ায় কর্মরত তাঁর সহকর্মী মেহেদী হাসান প্রথম মৃত্যুর খবরটি দেশে জানান।

মুহিবুর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ভাই হাবিবুর রহমান কান্নায় ভেঙে পড়ে বলেন, “দালালদের প্রলোভনেই আমার ভাই অকালে চলে গেল। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমার ভাইয়ের মরদেহটি যেন দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।” আমতৈল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মশাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনি বিষয়টি শুনেছেন এবং পরিবারটিকে সান্ত্বনা দিতে খোঁজখবর নিচ্ছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad