শ্রীমঙ্গলে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
Led Bottom Ad

শ্রীমঙ্গলে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৭/০৪/২০২৬ ১৩:৪৭:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য মো. আলতাফুর রহমান (নাজমুল হাসান)কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, সিনিয়র আহ্বায়ক মিল্লাত হোসেন মিরাশদার এবং যুগ্ম আহ্বায়ক রাশিদুল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


দলীয় সূত্র জানায়, আলতাফুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণা, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি, দলীয় পরিচয়ে প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ ছিল। সাম্প্রতিক সময়ে এসব অভিযোগ নতুন করে আলোচনায় এলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।


এর আগে তাঁর বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিরোধ তৈরি হয়। এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়ার ঘটনায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দ্রুত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।


স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, অভিযুক্ত ওই নেতার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল। এ কারণে দল শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে।


অব্যাহতির খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তবে এ বিষয়ে আলতাফুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


স্থানীয় সচেতন মহলের মতে, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad