ওসমানীনগরে ভূমি অধিগ্রহণে মূল্য বৈষম্যের অভিযোগে মানববন্ধন

ওসমানীনগরে ভূমি অধিগ্রহণে মূল্য বৈষম্যের অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১৬/০৪/২০২৬ ২০:১৫:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে মূল্য নির্ধারণে চরম বৈষম্য ও অনিয়মের অভিযোগে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার তাজপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইলাশপুর, দুনিয়ার বন্দ ও বরায়া মৌজার ভুক্তভোগী মালিকরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চলমান ৬ লেন মহাসড়ক প্রকল্পের জন্য অধিগ্রহণযোগ্য জমির মূল্য বর্তমান বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাদের দাবি, তাজপুর ও গোয়ালাবাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় জমির দাম আকাশচুম্বী হলেও সেগুলোকে ‘নাল’ শ্রেণিভুক্ত করে নামমাত্র মূল্য ধরা হয়েছে। তথ্য অনুযায়ী, সাব-রেজিস্ট্রার অফিসের এসেসমেন্টে প্রতি শতক দোকানভিটার দাম ৮ থেকে ১৮ লাখ টাকা নির্ধারিত থাকলেও অধিগ্রহণে এর প্রতিফলন ঘটেনি। ভুক্তভোগীরা জানান, যেখানে সাধারণ মানুষ কোটি টাকা শতক দরেও জমি বিক্রি করতে অনাগ্রহী, সেখানে সরকারের এই নিম্নমূল্য নির্ধারণ ভূমি মালিকদের পথে বসানোর শামিল। মানববন্ধন শেষে ভূমি মালিকরা তাজপুর সাব-রেজিস্ট্রার বরাবর আবেদন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন। বিশিষ্ট ব্যবসায়ী হাজী ময়না মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বাস্তবসম্মত ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে ভূমি উপদেষ্টা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন; অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী ও ক্ষতিগ্রস্ত অসংখ্য ভূমি মালিক উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন: