সম্প্রীতির আবহে সিলেটে নববর্ষ উদযাপন

সম্প্রীতির আবহে সিলেটে নববর্ষ উদযাপন

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৪/২০২৬ ২০:৩৪:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলা নববর্ষ উপলক্ষে সিলেট নগরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় পহেলা বৈশাখ ১৪৩৩-এর আনুষ্ঠানিকতা।


শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসবের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।


জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্বিন ব্রিজ সংলগ্ন সারদা হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


বর্ষবরণ উপলক্ষে সারদা হল প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে। এছাড়া ক্বিন ব্রিজ এলাকায় বসে বৈশাখী মেলা, যেখানে মানুষের ভিড় লক্ষ্য করা যায়।


এদিন সিলেট কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন হাসপাতাল ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।


সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ, যেখানে অংশগ্রহণের মধ্য দিয়ে সিলেটবাসী সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরেছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: