সিলেটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

জরিমানা ও মালামাল জব্দ

সিলেটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০৪/২০২৬ ০০:১৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের প্রধান সড়ক ও ফুটপাত হকারমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর ব্যস্ততম মদিনা মার্কেট এলাকা থেকে ওসমানী মেডিকেল রোড পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৭টি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে অভিযুক্তদের কাছ থেকে মোট ৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে কোনো হকারকে আটক করা না গেলেও সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা বেশ কয়েকজনের মালামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। হঠাৎ এই অভিযানে হকারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই মালামাল নিয়ে দ্রুত সটকে পড়েন।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য আক্তার রিতুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এবং সিলেট সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখার একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য আক্তার রিতু জানিয়েছেন, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে ফুটপাত ও সড়ক হকারমুক্ত রাখা অত্যন্ত জরুরি। নাগরিক জীবন স্বস্তিদায়ক করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।


এ রহমান

মন্তব্য করুন: