সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

আতঙ্কে অভিভাবকরা

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৪/২০২৬ ১৬:১৩:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়সী বিশ্বজিৎ নামের ওই শিশুটি মারা যায়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃত শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ নিয়ে চলতি মাসে হামের উপসর্গ নিয়ে সিলেটে মোট তিন শিশুর মৃত্যু হলো, যাদের প্রত্যেকের বয়সই এক বছরের কম। গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্মড হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। জেলাওয়ারি হিসেবে মৌলভীবাজারে সর্বোচ্চ ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন, সিলেটে ১০ জন এবং হবিগঞ্জে ৭ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।

এদিকে, সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে সন্দেহজনক রোগীর ভিড়। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে ১০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ ৫৩ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। শিশুদের মধ্যে দ্রুত এই সংক্রমণ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও টিকাদান কার্যক্রমে জোর দিচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন: