ছাতকে অটোরিকশা রাখা নিয়ে দুই গ্রামের রণক্ষেত্র

পুলিশসহ আহত শতাধিক

ছাতকে অটোরিকশা রাখা নিয়ে দুই গ্রামের রণক্ষেত্র

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৯/০৪/২০২৬ ২০:৪২:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় সিএনজি চালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে পুলিশ ও পথচারীসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় তিন ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোবিন্দগঞ্জ পয়েন্ট, যা নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘলী খোজার পাড়ার জাবেদ মিয়ার গ্যারেজে সিএনজি অটোরিকশা রাখতে গেলে চালক ছাদিক মিয়ার সাথে গ্যারেজ মালিকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে দীঘলী ও তকিপুর গ্রামের শত শত মানুষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ছাতক থানা, জাউয়া তদন্ত কেন্দ্র ও জয়কলস হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়।

সংঘর্ষের কারণে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক রোডে দীর্ঘ তিন ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স আটকে পড়ে চরম জনভোগান্তির সৃষ্টি হয়। সহিংসতার সময় স্থানীয় বাবলু দাশের ওয়ার্কশপে থাকা সাতটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ বেশ কিছু দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালানো হয়। গুরুতর আহত অন্তত ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাত ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং যানবাহন চলাচল পুনরায় শুরু হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষ থামাতে গিয়ে এসআইসহ ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন: