সংরক্ষিত নারী আসনে এবার সুনামগঞ্জের প্রতিনিধি চায় বিএনপি

আলোচনায় সালমা ও হাফেজা

সংরক্ষিত নারী আসনে এবার সুনামগঞ্জের প্রতিনিধি চায় বিএনপি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৯/০৪/২০২৬ ১৯:৩৬:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অতীতে চারবার সরকার গঠন করলেও সংরক্ষিত নারী আসনে সুনামগঞ্জ থেকে বিএনপি কখনও কোনো প্রতিনিধি পাঠাতে পারেনি। তবে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নিজ জেলা থেকেই প্রতিনিধিত্ব দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। বুধবার এই আসনের নির্বাচন ঘোষণার পর থেকেই রাজনীতির মাঠে আলোচনায় উঠে এসেছে জেলার দুই প্রভাবশালী নারী নেত্রীর নাম।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে একজন হলেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেত্রী অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেত্রী দলের দুর্দিনেও রাজপথে সক্রিয় ছিলেন। তিনি জানান, স্কুল জীবন থেকেই দলের সাথে যুক্ত থেকে আন্তরিকতার সাথে কাজ করছেন এবং দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী।

আলোচনায় থাকা অন্যজন হলেন সুনামগঞ্জ-১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির প্রয়াত সভাপতি নজির হোসেনের স্ত্রী সালমা আক্তার। তিনি বর্তমানে তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সালমা আক্তার জানান, তিনি দীর্ঘকাল তার স্বামীর পাশে থেকে দলকে সংগঠিত করেছেন এবং ২০২৬-এর জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। দল দায়িত্ব দিলে তিনি নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন (এমপি) জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কেন্দ্রীয় হাইকমান্ড।

তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী এবার সুনামগঞ্জের কেউ সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করার সুযোগ পান কি না, এখন সেটিই দেখার বিষয়।


এ রহমান

মন্তব্য করুন: