জকিগঞ্জ মাওলানা জালাল উদ্দীন উপজেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অধীনস্থ উপজেলা ও পৌরসভাসমূহের ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরের বন্দরবাজারস্থ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সভায় আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা করেন এবং পরবর্তীতে তাদের শপথ বাক্য পাঠ করান।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভার রুকন (সদস্য)-দের প্রত্যক্ষ ভোটে আমীরগণ নির্বাচিত হয়েছেন।
এ সময় জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবে বর্তমান আমীর মাওলানা জালাল উদ্দীন-এর নাম ঘোষণা করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, মাওলানা জালাল উদ্দীন প্রথমবার ২০১৩ সালে জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হন। এরপর ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে ২০২৫-২৬ সেশন পর্যন্ত বেশ কয়েকটি মেয়াদে তিনি উপজেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৭-২৮ সেশনের জন্যও তিনি পুনর্নির্বাচিত হলেন।
দায়িত্বশীল সভায় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত আমীরদের সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্ব নিষ্ঠা, সততা ও আমানতের সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।
মোর্শেদ লস্কর / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: