ধর্মপাশা ও মধ্যনগরে ৯ ক্লাস্টারে সহকারী শিক্ষা কর্মকর্তা মাত্র ১জন

জনবল সংকট

ধর্মপাশা ও মধ্যনগরে ৯ ক্লাস্টারে সহকারী শিক্ষা কর্মকর্তা মাত্র ১জন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৯/০৪/২০২৬ ১৯:৩০:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তীব্র সংকটে ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদারকি কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়ন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দুই উপজেলার ৯টি ক্লাস্টারের বিপরীতে ৯ জন কর্মকর্তা থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র একজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধর্মপাশার ১১০টি বিদ্যালয়ের জন্য ৭টি ক্লাস্টারে ৭ জন কর্মকর্তা থাকার কথা থাকলেও বর্তমানে সাজ্জাদ হোসেন নামের মাত্র একজন কর্মকর্তা পুরো উপজেলার দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে, নবগঠিত মধ্যনগর উপজেলার ৮৪টি বিদ্যালয়ের জন্য নির্ধারিত দুটি ক্লাস্টারে কোনো সহকারী শিক্ষা কর্মকর্তা নেই; ফলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে তদারকি করতে হচ্ছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাস্টারে একজন কর্মকর্তাকে মাসে অন্তত ১০টি বিদ্যালয় পরিদর্শন করে পাঠদান পদ্ধতি মূল্যায়ন, শিক্ষকদের পরামর্শ দান ও দুর্বল শিক্ষার্থীদের অগ্রগতির তদারকি করার কথা থাকলেও জনবল সংকটে তা অসম্ভব হয়ে পড়েছে।

মধ্যনগর ও ধর্মপাশার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, নিয়মিত তদারকি না থাকায় নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও প্রশাসনিক কাজে গতিশীলতা আসছে না, যা দীর্ঘমেয়াদে প্রাথমিক শিক্ষার ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে।

ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ জানান, বিষয়টি ইতোমধ্যে জেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, শূন্য পদের তথ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে; পদায়নের বিষয়টি সম্পূর্ণ অধিদপ্তরের এখতিয়ারভুক্ত।

দ্রুত কর্মকর্তা নিয়োগ দেওয়া না হলে হাওরবেষ্টিত এই জনপদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


এ রহমান

মন্তব্য করুন: