সুনামগঞ্জে অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

সুনামগঞ্জে অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৬/০৪/২০২৬ ১০:৩৫:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ও চানপুর এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। ‘গ্রাম বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে গত রোববার বিকেলে নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন কয়েক গ্রামের মানুষ।

রঙ্গারচর ও চানপুর গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সরকারি প্রকল্পের দোহাই দিয়ে একদল প্রভাবশালী চক্র দিন-রাত ড্রেজার বসিয়ে নদীর তলদেশ থেকে অবাধে মাটি ও বালু উত্তোলন করছে। এর ফলে নদীর তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা ভয়াবহ হুমকির মুখে পড়েছে এবং ইতোমধ্যে অনেকের চাষাবাদের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বক্তারা অবিলম্বে এই আত্মঘাতী তৎপরতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, পরিবেশ ও সাধারণ মানুষের জীবন-জীবিকা রক্ষায় অবৈধ ড্রেজার বন্ধ না হলে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ ফয়জুর রহমান তালুকদার, আইয়ুব আলী, আমির উদ্দিন, জাকির হোসেন ও সাব্বির মিয়া প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা জানান, এই অবৈধ খনন অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পাবে, যার ফলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রাম। তাই তারা অতি দ্রুত এই বালু ও মাটি খেকো চক্রের হাত থেকে সুরমা নদী এবং পার্শ্ববর্তী জনপদকে রক্ষার দাবি জানান।


এ রহমান

মন্তব্য করুন: