ফসল রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ছাতক ও দোয়ারাবাজারে গণ-সমাবেশ
হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (২ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় পৃথক দুটি বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে দোয়ারাবাজারের পশ্চিম বাংলাবাজার এবং বিকেলে ছাতকের জাউয়াবাজারে আয়োজিত এই সমাবেশগুলোতে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন। দোয়ারাবাজারে উপজেলা যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ এমরাজের সভাপতিত্বে এবং ছাতকে আহ্বায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব সভায় বক্তারা অভিযোগ করেন যে, পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রতিটি স্তরে ব্যাপক লুটপাট, অতিরিক্ত বরাদ্দ ও নিম্নমানের কাজ হয়েছে; যার ফলে সামান্য বৃষ্টিতেই সুনামগঞ্জের হাজার হাজার হেক্টর বোরো ফসল আজ পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধের কারণে কৃষকদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং এই দুর্নীতির সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত অপসারণসহ কঠোর আইনি শাস্তির আওতায় আনতে হবে। সমাবেশে উপস্থিত হাওর এলাকার ভুক্তভোগী কৃষক, শিক্ষক ও স্থানীয় ইমামগণ দাবি জানান যে, অবিলম্বে নদ-নদী খনন ও পরিকল্পিত স্লুইসগেট নির্মাণের ব্যবস্থা না করলে হাওরের স্থায়ী ফসল রক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
এ রহমান
মন্তব্য করুন: