এলাকায় চাঞ্চল্য
মাধবপুরে বালু-মাটি পাচারের অভিযোগে আটক ৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাতের আধারে মাটি পাচারের সময় সেনাবাহিনীর হাতে আটক ৫ ব্যক্তিকে পরদিন সকালে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর (ভেকু) ও দুটি ড্রাম ট্রাকসহ মাটি পাচার চক্রের সদস্যদের আটক করেছিল সেনাবাহিনী। পরে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হলেও রবিবার (২৯ মার্চ) সকালে কোনো আইনি পদক্ষেপ ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়।
আটক ও পরবর্তীতে মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন—দুর্গাপুরের সম্বু সরকার (৬০), বেকুয়া বাজারের রেদোয়ান আহমদ সোহাগ (১৭), পরমান্ধবপুরের মারুফ মিয়া (১৭), শাহজাহানপুরের খেজির খান সোহেল (৪৯) এবং ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা সালমান (২৫)। এই ঘটনার পর মো. রিপন মিয়া নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে, মাটি কাটা বৈধ হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম চলবে। তবে সেনাবাহিনীর মেজর আসিফ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করেছেন; পরবর্তী আইনি প্রক্রিয়া বা মামলা করার দায়িত্ব সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনের।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, সেনাবাহিনী তাদের হস্তান্তর করলেও নির্দিষ্ট কোনো আইনি নির্দেশনার অভাবে তাদের রাখা সম্ভব হয়নি।
এদিকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করলেও সকালে তাদের ছেড়ে দেওয়ার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সেনাবাহিনীর অভিযানে আটক ব্যক্তিদের এভাবে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় জনমনে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: