দোয়ারাবাজারে ধানক্ষেত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের কয়েক ঘণ্টা পর আব্দুল্লাহ আল মামুন (৭) নামে এক শিশুর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর (শ্রীনাথপুর) গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটি ওই গ্রামের হাফেজ মাওলানা মোস্তাক আহমদের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলতে বেরিয়ে আর ফিরে আসেনি মামুন। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বিকেল ৪টার দিকে নুরুল আমিনের ধানক্ষেতে একটি শিশুর নিথর দেহ পড়ে থাকার খবর পান। পরে স্বজনরা গিয়ে সেটি মামুনের মরদেহ বলে শনাক্ত করেন।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মুরসালিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছ উদ্দিন খানসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদনের সময় শিশুটির মাথার পেছনে, ঘাড়ে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। দোয়ারাবাজার থানায় মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করেছে।
এ রহমান
মন্তব্য করুন: