ঈদ সামনে রেখে জমজমাট দোয়ারাবাজার

ঈদ সামনে রেখে জমজমাট দোয়ারাবাজার

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৪/০৩/২০২৬ ১৬:৩৭:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন বাজারে বেড়েছে কেনাকাটার ব্যস্ততা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত দোকানপাটে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।


দোয়ারাবাজার সদর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কাপড়, জুতা, প্রসাধনী ও শিশুদের পোশাকের দোকানে ক্রেতাদের উপস্থিতি বেশি। বিশেষ করে তরুণ-তরুণী ও শিশুদের পোশাকের দোকানে ভিড় বেশি দেখা যাচ্ছে।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুর দিকে বেচাকেনা কিছুটা কম ছিল। তবে ঈদ যত ঘনিয়ে আসছে, বাজারে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে।


দোয়ারাবাজার সদর বাজারের এনাম বস্ত্রালয়ের বিক্রেতা এমান উদ্দীন বলেন, ‘এবার বিক্রি মোটামুটি হচ্ছে। আশা করছি ঈদের আগের কয়েক দিনে বিক্রি আরও বাড়বে।’


হামিরাহ বেবি শপের বিক্রেতা জাহিদুল ইসলাম হীরা বলেন, ‘নতুন করে দোকান খুলেছি। ঈদকে ঘিরে শুরুতেই বিক্রি ভালো হচ্ছে। ক্রেতাদের সাড়া পেয়ে ভালো লাগছে।’


দ্বীপদ বস্ত্রালয়ের বিক্রেতা দ্বীপদ রায় বলেন, ‘ঈদ যত ঘনিয়ে আসছে, বিক্রিও তত বাড়ছে। আল্লাহর রহমতে ব্যবসা ভালোই চলছে।’


ক্রেতারাও পরিবার-পরিজনের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে বাজারে আসছেন। ক্রেতা পিয়েল আহমেদ বলেন, ‘ঈদের কেনাকাটা করতে এসেছি। অনেক জিনিসের দাম এখনো নাগালের মধ্যেই আছে।’


আরেক ক্রেতা কলেজছাত্রী সানজিদা শারমিন বলেন, ‘ঈদের বাজারে অন্য সময়ের তুলনায় দাম একটু বেশি থাকে। তবু পছন্দের পোশাক কিনতে হলে একটু বেশি দাম দিয়েই নিতে হয়।’


স্থানীয়দের মতে, ঈদকে ঘিরে দোয়ারাবাজারের বাজারগুলোতে ক্রেতা–বিক্রেতার এই প্রাণচাঞ্চল্য এলাকায় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি এনে দিয়েছে।

মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন: