শাল্লায় জামায়াত প্রার্থী শিশির মনিরের জনসভা

শাল্লায় জামায়াত প্রার্থী শিশির মনিরের জনসভা

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

৩০/০১/২০২৬ ১৬:২৮:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে নির্বাচনী প্রচারণা জোরালো হচ্ছে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শাল্লা উপজেলার শাল্লা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।


জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে দিরাই–শাল্লা এলাকার উন্নয়নের একটি রূপরেখা তুলে ধরেন।


বক্তব্যে শিশির মনির বলেন, দিরাই–শাল্লার মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন। নির্বাচিত হলে এলাকাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং হাওর অঞ্চলের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে থাকবে বলেও উল্লেখ করেন।


সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকেই শাল্লা উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষ জনসভাস্থলে আসতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।


শাল্লা গ্রামের বাসিন্দা শামসুল আলম বসুর সভাপতিত্বে এবং মাওলানা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সভায় নূরে আলম সিদ্দিকী, ভূবন বৈষ্ণব, বিধান চৌধুরী ও মজিবুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা বক্তব্য দেন। তাঁরা দিরাই–শাল্লার উন্নয়নে শিশির মনিরকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেন।


জনসভা শেষে সন্ধ্যায় শিশির মনির বাহাড়া ইউনিয়নের ভেড়াডহড় গ্রামে একটি কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয়রা এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: