অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর

প্রথম ডেস্ক

২৮/১২/২০২৫ ১২:৫৪:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটসহ সারাদেশে দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় এক দফা এক মাস বাড়ানো হয়েছিল, যার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। আয়কর আইন অনুযায়ী প্রতিবছর ৩০ নভেম্বরই রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নির্বাচন সামনে রেখে করদাতাদের বাড়তি সুবিধা দিতে সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় অনেক করদাতার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন—এ বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

এর আগে রিটার্ন জমার সময় বাড়ানো হবে কি না—এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছিলেন, বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। যেহেতু এবার প্রথমবার অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে, সরকার চাইলে সময় বাড়াতে পারে।

এনবিআর সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন দাখিল করেছেন। গত আগস্ট মাসে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে এনবিআর।

এ রহমান

মন্তব্য করুন: