সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুসকা জব্দ
সুনামগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোরে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবির ২৮ ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক চারটার দিকে ঘাগটিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় ২ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা ও ৯ হাজার ৫০০ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
এই অভিযানে সেনাবাহিনী ও বিজিবির মোট ৩০ জন সদস্য অংশ নেন। অভিযানে সেনাবাহিনীর একজন কর্মকর্তার নেতৃত্বে ১৫ জন এবং বিজিবির পক্ষ থেকে নায়েব সুবেদার কাজী মো. কামালসহ ১৪ জন সদস্য ছিলেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা পণ্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
প্রীতম দাস
মন্তব্য করুন: