দোয়ারাবাজারে ধানবোঝাই টমটম উল্টে চালকের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানবোঝাই অটোরিক্সা (টমটম) উল্টে চালক জুলহাস মিয়া (৩৫) নিহত হয়েছেন। নিহত জুলহাস মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত হযরত আলীর পুত্র।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বগুলাবাজার ইউনিয়নের যোগীপাড়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুলাবাজার–বাংলাবাজার হয়ে পেকপাড়া যাওয়ার পথে যোগীপাড়া এলাকায় নিজাম উদ্দিনের বাড়ির দক্ষিণ পাশে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে বস্তাভর্তি ধানবোঝাই অটোরিক্সাটি সড়কের পাশের নিচু জমিতে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক জুলহাস মিয়া। পরে স্থানীয়রা দ্রুত তাকে গাড়ির নিচ থেকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ১২টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: