জমিয়ত ছেড়ে এবি পার্টিতে যোগ দিলেন সুনামগঞ্জ-৩ আসনের নেতা সৈয়দ তালহা আলম

জমিয়ত ছেড়ে এবি পার্টিতে যোগ দিলেন সুনামগঞ্জ-৩ আসনের নেতা সৈয়দ তালহা আলম

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৬/১২/২০২৫ ২১:৫৯:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে দীর্ঘদিন ধরে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করে আসা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি ওয়াক্কাস অংশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম আনুষ্ঠানিকভাবে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাত ধরে তিনি দলটিতে যোগদান করেন। এর মধ্য দিয়ে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক নেতা হিসেবে পরিচিত হলেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সৈয়দ তালহা আলম।

মঙ্গলবার রাত ৮টার দিকে মুঠোফোনে পাঠানো এক বার্তা ও ছবির মাধ্যমে তিনি তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। পরে জগন্নাথপুরে ‘জনতার চেয়ারম্যান’ খ্যাত এই তরুণ নেতার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গণতান্ত্রিক সংস্কার জোটের অংশ হিসেবে এবি পার্টিতে তার যোগদান সুনামগঞ্জ-৩ আসনের সাম্প্রতিক রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে।

সৈয়দ তালহা আলম বলেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক সহিংসতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা তাকে একটি নৈতিক সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে।

তিনি বলেন,“এই ঘটনা আমাকে স্পষ্টভাবে বুঝিয়েছে—বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার বিপরীতে একটি সাহসী, প্রো-বাংলাদেশি ও নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি গড়ে তোলা জরুরি। সেই বিশ্বাস থেকেই আমি আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দিয়েছি। সুনামগঞ্জ-৩ আসনে এই দল থেকেই নির্বাচন করবো। আশা করছি সাধারণ মানুষ আমাকে মন থেকে সমর্থন করবেন।”

এবি পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. জসিম উদ্দিন সৈয়দ তালহা আলমের যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের দলের লক্ষ্য, আদর্শ, সাম্য ও মানবিক মূল্যবোধ সম্পর্কে জেনে-বুঝেই তিনি এবি পার্টিতে যোগ দিয়েছেন। সুনামগঞ্জ-৩ আসন থেকে আমাদের দলীয় প্রতীক ঈগল মার্কা নিয়ে তিনি নির্বাচন করবেন।”

তিনি আরও বলেন, তালহা আলমের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় এবি পার্টির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে এবি পার্টি ও গণতান্ত্রিক সংস্কার জোট সুনামগঞ্জ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী নাছির বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় আমাদের কার্যালয়ে এসে তিনি আনুষ্ঠানিকভাবে ফরম পূরণ করে দলে যোগদান করেছেন। আমরা জানি, তিনি নিজ আসনে একজন জনপ্রিয় নেতা। আশা করছি সুনামগঞ্জ-৩ আসন তিনি আমাদের উপহার দেবেন।”


এ রহমান

মন্তব্য করুন: