বিজয়ের উল্লাসে বার্ষিক ফলাফল গ্রহণ করলো শিক্ষার্থীরা
দোয়ারাবাজারে ব্যতিক্রমী আয়োজনে আল মদিনা একাডেমিতে বিজয় দিবস উদযাপন
ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয় দিবসের এই আয়োজনের সঙ্গে মিল রেখে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রদান ও কিডস গ্রাজুয়েশন অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে অবস্থিত আল মদিনা একাডেমির ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিজয়ের উল্লাসে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় তাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ও সাফল্যের স্বীকৃতি।
এই ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি বিজয়ের চেতনায় উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীদের আনন্দঘন অংশগ্রহণ ও উৎফুল্ল মনোভাব দেখে অভিভাবকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। অভিভাবকরা জানান, কোমলমতি শিশুদের বিজয়ের আনন্দ ও আত্মবিশ্বাস সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।
শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করা এবং প্রতিযোগিতামূলক বিশ্বে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও বিজয় দিবসের সঙ্গে মিল রেখে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী কিডস গ্রাজুয়েশন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আতাউর রহমান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাথায় গ্রাজুয়েশন ক্যাপ পরিয়ে দেন এবং প্রত্যেক শিক্ষার্থীর হাতে ফলাফল ফাইল ও কলম উপহার তুলে দেন।
একাডেমির কোষাধ্যক্ষ ইয়াকুব আল হাসানের সঞ্চালনায় এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একাডেমির পরিচালক রফিকুর রহমান উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।
বর্ণিল সাজে সজ্জিত ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কিডস গ্রাজুয়েশন ও বিজয় দিবসের আয়োজনে শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন, পৃথক শ্রেণিভিত্তিক গ্রাজুয়েশন র্যালি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, বিজয় দিবসের চেতনার সঙ্গে আল মদিনা একাডেমির কিডস গ্রাজুয়েশন ও বার্ষিক ফলাফল প্রকাশের এই আয়োজন শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। বিশ্বমানের শিক্ষা গ্রহণ করে প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস সঞ্চার করবে। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফা আক্তার, রুমেনা আক্তার, জাবেদুল হাসান, ইয়াকুব আল হাসান, ইমরান হোসেন, হোসেন মিয়া, জাকিদুল ইসলাম, হানিফা জান্নাত বুশরা, মাহমুদা বেগম মার্জিয়া, সাদিয়া বেগম, রোকসানা আক্তার মুন্নি, সীমা বেগম ও শিপা আক্তার।
এ রহমান
মন্তব্য করুন: