‘আপনাদের খাদিম হলে বৈষম্যহীনভাবে দুই থানার উন্নয়নে কাজ করবো’

শান্তিগঞ্জে পথসভায় সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী

‘আপনাদের খাদিম হলে বৈষম্যহীনভাবে দুই থানার উন্নয়নে কাজ করবো’

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১৬/১২/২০২৫ ১৯:০৬:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, “আল্লাহ তায়ালা যদি আমাকে রিকশা প্রতীকে বিজয়ী করে এই এলাকার মানুষের খাদিম হিসেবে কবুল করেন, তাহলে আমি কোনো বৈষম্য না করে দুই থানার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন ও মুখে হাসি ফোটানোই হবে আমার মূল লক্ষ্য।”

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আয়োজিত বিজয় র‌্যালী শেষে পাগলা বাজার এলাকায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল ৫টায় পাগলা বাজার থেকে শুরু হওয়া বিজয় র‌্যালীটি বাজারের প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

পথসভায় শাহীনুর পাশা বলেন, “আমি এই নির্বাচনী এলাকার ৫২৪টি গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়েছি, মানুষের উঠানে বসে তাদের দুঃখ-কষ্টের কথা শুনেছি এবং অনেক জায়গায় রাত্রিযাপন করেছি। বাংলাদেশের কোনো সংসদ সদস্য বা প্রার্থী এমনভাবে মানুষের সঙ্গে মিশেছেন কি না, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সংসদ সদস্য থাকাকালীন সময়েও আমি প্রতিটি গ্রামে গিয়েছি বলেই আজও মানুষের কাছে উন্নয়নের ছোঁয়া রয়ে গেছে।”

র‌্যালী পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দিন ছালেহ। উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মো. সানা উল্লাহ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জৈনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবদুস শহিদ।

এছাড়া বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা নূরুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন: