তাহিরপুরে নিলাদ্রী লেকের নামের আড়ালে হারিয়ে যাচ্ছে বীর বিক্রম শহীদ সিরাজের স্মৃতি
একাত্তরের শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম বীর বিক্রমের নামে নামকরণ করা সুনামগঞ্জের তাহিরপুরের ট্যাকেরঘাট এলাকার স্বচ্ছ জলের ‘শহীদ সিরাজ লেক’ এখন পরিচিত হয়ে উঠছে ‘নিলাদ্রী লেক’ বা ‘ইত্যাদি পয়েন্ট’ নামে। এতে আড়ালে পড়ে যাচ্ছে বীর এই মুক্তিযোদ্ধার আত্মত্যাগ ও ইতিহাস।
মুক্তিযোদ্ধাদের কাছে লেকটি এখনও ‘শহীদ সিরাজ লেক’ হিসেবে পরিচিত থাকলেও লেকপাড়ে কোনো স্মৃতিফলক বা দৃশ্যমান অবকাঠামো না থাকায় পর্যটক ও সাধারণ মানুষের কাছে এটি নিলাদ্রী নামেই পরিচিতি পেয়েছে। গত বছর লেকপাড়ে শহীদ সিরাজের নামে স্মৃতিফলক নির্মাণের আশ্বাস দেওয়া হলেও তা আজও বাস্তবায়ন হয়নি।
১৯৭১ সালের ৭ আগস্ট সাচনা বাজার যুদ্ধে সম্মুখসমরে শহীদ হন সিরাজুল ইসলাম। তাঁর আত্মত্যাগের ফলেই সাচনা বাজার ও জামালগঞ্জ এলাকা হানাদারমুক্ত হয়। স্বাধীনতার পর সরকার তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করে এবং তাঁর স্মরণে লেকটির নামকরণ করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, লেকের পাশে শহীদ সিরাজের সমাধি থাকলেও তা দৃষ্টিগোচর নয় এবং কোনো তথ্যফলক না থাকায় নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছে না। দ্রুত স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, দ্রুত লেকের পাশে শহীদ সিরাজের নামে একটি স্মৃতিফলক নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: