জামালগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, বৃদ্ধসহ চারজন আহত

জামালগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, বৃদ্ধসহ চারজন আহত

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

১৩/১২/২০২৫ ২০:০৬:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসলামপুর গ্রামের পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের সূত্র ধরে শুক্রবার বিকেল তিনটার দিকে একই গ্রামের সঞ্জব আলী ও সমসের আলীর নেতৃত্বে ১০–১২ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে চারজন আহত হন।


আহত ব্যক্তিরা হলেন—মো. মন্নাফ (৭০), সুহেব মিয়া (৪০), ইসলাম উদ্দিন (৪২) ও সাইদুল হক (৪৫)। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মো. মন্নাফকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এ ঘটনায় আহত মো. মন্নাফের ছেলে সাদ্দাম হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের সঞ্জব আলী বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তাঁদের পক্ষের লোকজনও আহত হয়েছে বলে তিনি দাবি করেন।


জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডি আর ডি

মন্তব্য করুন: