সুনামগঞ্জ সদর হাসপাতালের ৪৫ লাখ টাকার বিল বকেয়া: বিদ্যুৎ বিচ্ছিন্নের নোটিশ

সুনামগঞ্জ সদর হাসপাতালের ৪৫ লাখ টাকার বিল বকেয়া: বিদ্যুৎ বিচ্ছিন্নের নোটিশ

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/১২/২০২৫ ২০:১০:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে গত সাত বছরে (২০১৮-২০২৫) জমে থাকা ৪৫ লাখ ৬২ হাজার ২৭২ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় সংযোগ বিচ্ছিন্নের নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বারবার নোটিশ দেওয়ার পরও কর্তৃপক্ষ বিল পরিশোধ না করায় শেষ পর্যন্ত সংযোগ বিচ্ছিন্নের চূড়ান্ত নোটিশ জারি হয়েছে।

সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে ৯ ডিসেম্বর হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

হাসপাতালটির মোট ৬টি অ্যাকাউন্টে বকেয়া রয়েছে, যার মধ্যে হাসপাতালের মূল কার্যক্রম দুটি এইচটি লাইনের মাধ্যমে চলে। বাকি চারটি সংযোগ পোস্টপেইড সময়কার বিল হিসেবে বকেয়া পড়েছে।


নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন “দীর্ঘদিন ধরে সদর হাসপাতালের বিপুল পরিমাণ বিল বকেয়া রয়েছে। বহুবার নোটিশ দেওয়া ও জানালেও তারা গুরুত্ব দেয়নি। সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে ৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। বিল পরিশোধ না করলে ৯ ডিসেম্বর সংযোগ বিচ্ছিন্ন করা হবে।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহবুবুর রহমান বলেন “আমি যোগদানের আগেরও বকেয়া ছিল। আবার এপ্রিল মাসের কিছু বিল পরিশোধ হয়নি। হিসাব শাখার সঙ্গে যোগাযোগ রয়েছে। তারা টাকা ছাড় করলে আমরা বিল পরিশোধ করে দেব।”

সুনামগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যার এই হাসপাতালটি জেলার ৩০ লাখ মানুষের একমাত্র বড় সরকারি চিকিৎসাকেন্দ্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন রোগী ও স্বজনরা। বিশেষ করে জরুরি বিভাগ, আইসিইউ, ল্যাব, অপারেশন থিয়েটারসহ সব সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।

স্থানীয়রা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে বিল বকেয়া ও প্রশাসনিক দুর্বলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত বকেয়া পরিশোধ করে হাসপাতালকে সেবা-নির্ভর রাখার দাবি জানিয়েছেন তারা।


এ রহমান

মন্তব্য করুন: