জগন্নাথপুরে অগ্নিকাণ্ড,মার্কেটের ১১টি দোকান ভস্মীভূত
সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার ভোরে পৌরসভার শান্তিনগর বাজারের হাসপাতালে পয়েন্ট এলাকায় ছিক্কা মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী ওবায়দুল বলেন, ‘দোকানে ১০-১২ লাখ টাকার মালামাল ছিল। সবকিছু পুড়ে গেছে।’ আরেক ব্যবসায়ী শিশু মিয়া জানান, কীভাবে আগুন লাগে কেউ বলতে পারেনি। খবর পেয়ে এসে দোকানগুলো জ্বলতে দেখেন।
বাজার তদারক কমিটির সেক্রেটারি বিলাল আহমদ অভিযোগ করেন, ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস সেতুর অজুহাত দেখিয়ে আসেনি। বিশ্বনাথের ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে শেষ।’
এ ঘটনার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাৎক্ষণিক মানববন্ধন করেন এবং জগন্নাথপুর ফায়ার সার্ভিস অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন।
জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহম্মদ মুর্শেদ বলেন, হেলিপ্যাড এলাকার বেইলি সেতুটি ছোট হওয়ায় তাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। তবে তারা বিশ্বনাথ ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করেন এবং সেখানকার ইউনিট ঘটনাস্থলে যায়।
ডি আর ডি
মন্তব্য করুন: