তাহিরপুরের হাওর জনপদে বারোমাসি খেলার মাঠ নির্মাণ কাজের উদ্বোধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের হাওরবেষ্টিত জনপদে জনতা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠকে বারোমাসি খেলাধুলার উপযোগী করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার স্থানীয় সুধীজন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উপস্থিতিতে এ মাঠ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
হাওরাঞ্চলের শিক্ষার্থী ও যুবসমাজের জন্য বছরজুড়ে খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ প্রকল্প নেওয়া হয়েছে। মাঠ ভরাটসহ সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সুনামগঞ্জ কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
জানা যায়, মাঠটির প্রস্থ ২৮০ ফুট ও দৈর্ঘ্য ২২২ ফুট। বিদ্যালয়ের নিজস্ব ৭১ শতকের সঙ্গে আরও ৪৪ শতক জমি দান করেন সাবেক ইউপি চেয়ারম্যান খসরুল আলম। মোট ১১৫ শতক জায়গা নিয়ে নির্মিত হবে এই বারোমাসি খেলার মাঠ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদ্দাসির আলম (সবুল) বলেন, “মাঠটি বারোমাস ব্যবহারযোগ্য হলে শিক্ষার্থীরা নিয়মিত পিটি প্যারেড ও খেলাধুলা করতে পারবে। পাশাপাশি বন্যার সময় এটি আশ্রয়হীন মানুষ ও গবাদিপশুর নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও কাজে লাগবে।”
উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি। এই মাঠ উন্নয়ন শিক্ষার্থীদের মানসিক-শারীরিক বিকাশের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “হাওরের ছেলে-মেয়েরা প্রতিভাবান, কিন্তু সুযোগের অভাবে পিছিয়ে পড়ে। এই মাঠ বারোমাস ব্যবহার উপযোগী হলে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা উভয়ই বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, বিদ্যালয়ের প্রধান প্রতিষ্ঠা নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি ও জমিদাতা মোশাহিদ আলম, ইউপি সদস্য আবুল কালাম, সাবেক ইউপি সদস্য আলী হোসেন আখঞ্জী ও আলী আমজাদ, অভিভাবক বদর উদ্দিন, নূরু মিয়া, একরাম হোসেন, ভোরের ডাক প্রতিনিধি শামছুল আলম আখঞ্জী টিটু, আলোকিত সকাল প্রতিনিধি আহমেদ, সকাল সময় প্রতিনিধি কবির মুরাদ মিয়া প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: