৫৭২ ভোটারের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা ১৯ প্রার্থীর
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। নির্বাচন ঘিরে সকাল থেকেই জেলা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচনে ৫৭২ ভোটারের ভোটই নির্ধারণ করবে কারা সংগঠনের দায়িত্বে আসছেন।
এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত এবং বৈষম্যবিরোধী আন্দোলনসহ মোট ১৯ জন প্রার্থী ৭টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকেন্দ্রে সকাল থেকেই প্রার্থীদের সরব উপস্থিতি দেখা যায়। ব্যালট হাতে ভোটারদের কাছে কুশল বিনিময়, সমর্থন চাওয়া—সব মিলিয়ে পুরো কেন্দ্রে বিরাজ করছে এক উৎসবমুখর আবহ।
ভোটাররা জানান, দল-মত নয়, যোগ্যতা, সততা ও স্বেচ্ছাসেবী মানসিকতাকেই তারা গুরুত্ব দিচ্ছেন। তাদের আশা, প্রকৃত মানবিক ও সেবামনস্ক ব্যক্তিরাই নির্বাচিত হবেন।
সাধারণ সম্পাদক প্রার্থী শেরগুল আহমেদ বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হয়। মানুষ যেভাবে সম্পৃক্ত হয়ে ভোট দিচ্ছেন, তা সত্যিই অনুপ্রাণিত করে। আশা করি, ভোটাররা আমাকে সম্মানজনক ব্যবধানে বিজয়ী করবেন।”
সদস্য পদপ্রার্থী রওনক বখত বলেন, “জীবন কাটিয়েছি মানবকল্যাণে। রেড ক্রিসেন্টেও সেই মনোভাব নিয়ে দাঁড়িয়েছি। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। যোগ্য মনে হলে আমাকেই বেছে নেবেন—এই প্রত্যাশা করি।”
মহিলা সদস্য পদপ্রার্থী মাসুমা আক্তার বলেন, “সংসার সামলানো ও দায়িত্ব পালনের পাশাপাশি মানবসেবায় নিজেকে যুক্ত রেখেছি। মুরব্বিদের পরামর্শে নির্বাচন করছি। সবার সমর্থন পেলে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে।”
এ রহমান
মন্তব্য করুন: