তাহিরপুরের ১৮ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্য

বীজতলায় ব্যস্ত সময় কৃষকদের

তাহিরপুরের ১৮ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্য

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২১/১১/২০২৫ ১৪:২৪:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ


হাওরপাড়ের কৃষকেরা এখন ব্যস্ত বোরো মৌসুমের বীজতলা তৈরিতে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চলতি মৌসুমে ৮৫০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করা হচ্ছে। এসব বীজতলা থেকে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।


তাহিরপুরের কৃষক রহিছ মিয়া অভিযোগ করেন, সরকারি প্রণোদনা সময়মতো না পাওয়ায় কৃষকেরা ভোগান্তিতে পড়েন। তিনি বলেন, ‘মৌসুম শেষে বীজ আর সার আসে। তখন এগুলোর তেমন ব্যবহার থাকে না। এতে কৃষকেরা যেমন সুবিধা থেকে বঞ্চিত হন, তেমন সরকারের অর্থও অপচয় হয়।’

তিনি প্রণোদনা সময়মতো বিতরণের দাবি জানান।


উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে কৃষকদের উৎসাহ দিতে সরকার থেকে প্রণোদনা দেওয়া হচ্ছে। মোট ২ হাজার ৪৫০ জন কৃষক এ সুবিধার আওতায় আনা হয়েছে। এর মধ্যে গত ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ১ হাজার ১০০ কৃষকের হাতে প্রণোদনা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।


কৃষি অফিসের তথ্য অনুযায়ী, প্রণোদনার আওতায় হাইব্রিড ধানের বীজ পেয়েছেন ১ হাজার ৩৫০ কৃষক (প্রতি জন ২ কেজি), উফশী ধানের বীজ পেয়েছেন ১ হাজার ১০০ কৃষক (প্রতি জন ৫ কেজি),সঙ্গে প্রত্যেকে পেয়েছেন ডিএপি ও এমওপি সার ১০ কেজি করে।


শরিফুল ইসলাম আরও বলেন, বীজতলায় পানি নিয়ন্ত্রণ, জমি তৈরি ও বীজ বপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জনে কোনো বাধা হবে না।

ডি আর ডি

মন্তব্য করুন: