চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন : মিজানুর রহমান চৌধুরী

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সমাবেশ

চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন : মিজানুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৬/১১/২০২৫ ২০:৫০:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ–৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন থেকে বাদ পড়লেও নেতাকর্মীদের ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, প্রাথমিক মনোনয়নই চূড়ান্ত নয়; দলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সংগঠনের প্রতি আস্থা রাখতে হবে।

রোববার বিকেল ৪টায় গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে আয়োজিত ‘মনোনয়ন পুনর্বিবেচনা সমাবেশে’ তিনি বলেন, “আমি ২০২৬ সালের নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলাম। কিন্তু হঠাৎ করে আমাকে প্রাথমিক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এতে আপনাদের মতো আমিও স্তম্ভিত হয়েছি। তবে হতাশ হওয়ার সুযোগ নেই—চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি।”

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “ছাতক–দোয়ারাবাজারবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের স্বার্থে প্রার্থী ঘোষণার বিষয়ে পুনর্বিবেচনা করা হবে—এমন প্রত্যাশাই করি।”

সমাবেশের আগে ছাতক–দোয়ারাবাজার থেকে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেওয়া একটি বিশাল গণমিছিল গোবিন্দগঞ্জের রাজপথ অতিক্রম করে। মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

মিজানুর রহমান চৌধুরী আরও বলেন,“গত ১৬ বছর শেখ হাসিনার সরকারের পতনের দাবিতে সোচ্চার ছিলাম। আন্দোলন-সংগ্রামের প্রতিটি মুহূর্তে ছাতক-দোয়ারাবাজারের মানুষ আমাকে সহযোদ্ধার মতো পাশে পেয়েছি। আপনাদের ভালোবাসায় এই অঞ্চল আমার রাজনৈতিক ঘাঁটিতে পরিণত হয়েছে।”

তিনি বলেন, “২০১৮ সালের নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। হামলা–মামলা–নির্যাতন উপেক্ষা করে আপনারা আমার পাশে ছিলেন। আমিও আপনাদের জন্য আমার জীবনকে উৎসর্গ করেছি। শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।”

সমাবেশকে ঘিরে গোবিন্দগঞ্জ এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এ রহমান

মন্তব্য করুন: