দিরাইয়ে হাওরের বুক চিরে অবৈধ বালু উত্তোলন

হুমকীতে ফসলি জমি, প্রশাসনের নীরবতা

দিরাইয়ে হাওরের বুক চিরে অবৈধ বালু উত্তোলন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৬/১১/২০২৫ ২০:৩৪:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পাশে জুরি-পানজুরি বিলের বুক চিরে চলছে এক ভয়ংকর অবৈধ কার্যক্রম। গভীর সাকশন ড্রেজারের আওয়াজে দিনে-রাতে হাওরের তলদেশ থেকে তোলা হচ্ছে বিপুল পরিমাণ বালু। স্থানীয় কৃষকরা বলছেন, এটি শুধু অবৈধ নয়, বরং পার্শ্ববর্তী শত শত একর মূল্যবান বোরো ফসলি জমি এবং পরিবেশের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে।


নোয়াগাঁও গ্রামের কৃষক আব্দুল হেকিম মিয়া জানিয়েছেন, ড্রেজারগুলো ৩০–৪০ ফুট গভীর করে বালু তুলছে। হাওরের নরম মাটি প্রতিনিয়ত ধসের দিকে ধাবিত হচ্ছে। যদি অবৈধ খনন চলতে থাকে, তবে কৃষকরা তাদের বছরের একমাত্র ফসল এবং শেষ সম্বল হারাতে বাধ্য হবেন।


বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, গভীর খননের কারণে মাটির স্তর ধসে গেলে পানির প্রবাহ বিপর্যস্ত হবে, বোরো জমি ভেঙে যাবে, গ্রামীণ সড়ক দুর্বল হবে এবং মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হবে।


এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে কৃষক আব্দুল হেকিম মিয়া লিখিত অভিযোগ দিলেও ১৫–২০ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের কোনও কার্যকর পদক্ষেপ নেই। ড্রেজারের গর্জন ও পাইপ থেকে বেরোচ্ছে বালুর ঢেউ—এই দৃশ্য দেখলে যে কেউ আতঙ্কিত হবে।


স্থানীয় ওয়ার্ড মেম্বার হুসাইন স্বীকার করেছেন, "বালু উত্তোলনের কোনো নির্দিষ্ট সীমারেখা রয়েছে, কিন্তু হাওর চিরে এই গভীর খনন পুরোপুরি অবৈধ। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে ফসলি জমির মারাত্মক ক্ষতি এবং বড় বিপর্যয় এড়িয়ে যাওয়া সম্ভব হবে না।"


স্থানীয়দের প্রশ্ন, "কারা এই অবৈধ খননের ছায়া-সমর্থক, যার কারণে অভিযোগ সত্ত্বেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না?" অভিযোগের তালিকায় রয়েছে ওহাদ আলী, আজি মিয়া এবং মকছুদ্ধ মিয়া, যারা প্রভাবশালী মহলের সহায়তায় জলমহাল ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।


ক্ষুব্ধ কৃষকরা বলছেন, "আমাদের শেষ সম্বলটি রক্ষা করতে আমরা যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।" প্রশাসনের নীরবতা, প্রভাবশালীদের অসংবেদনশীলতা এবং কৃষকদের ক্রোধ—এই তিনটি মিলিত হয়ে দিরাইয়ের জুরি-পানজুরি বিলকে এক ভয়ঙ্কর অবস্থাে ঠেলে দিয়েছে।


এখানকার সাধারণ মানুষ ও পরিবেশ সচেতনরা আশা করছেন, প্রশাসন অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের জীবন-জীবিকা রক্ষা করবে এবং এই হুমকিপূর্ণ অবৈধ কার্যক্রম বন্ধ করবে।

পি ডি এস

মন্তব্য করুন: