ভারত থেকে এসে গোপনে সীমান্ত এলাকায় সভা করলেন রনজিত সরকার!

পুলিশ-বিজিবির দ্বিমত

ভারত থেকে এসে গোপনে সীমান্ত এলাকায় সভা করলেন রনজিত সরকার!

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৯/১১/২০২৬ ২১:৫৭:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সীমান্তের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে দেশের অভ্যন্তরে ঢুকে ঝটিকা সভা করার দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সভার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তবে সভাটি আদৌ বাংলাদেশের সীমানায় হয়েছে কি না এবং হলেও কোথায় অনুষ্ঠিত হয়েছে,তা নিয়ে পুলিশ প্রশাসন ও সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিজিবি) মধ্যে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা ও বিপরীতমুখী বক্তব্য।

গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা সাবেক এই সংসদ সদস্য সোমবার বিকেলে নিজ ফেসবুক পেজে ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। তিনি দাবি করেন, গত রোববার সন্ধ্যায় ভারতের মেঘালয় সীমান্ত পার হয়ে নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর)-এর আওতাধীন সীমান্ত এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে তিনি পুনরায় ভারতে ফিরে যান।

ভিডিওতে দেখা যায়, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন’ লিখিত ব্যানারের পেছনে দাঁড়িয়ে রনজিত সরকার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। ব্যানারটি ধরে দাঁড়িয়ে ছিলেন জামায়াত-পরবর্তী ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকা জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াসহ একাধিক নেতাকর্মী। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের বিষয় উল্লেখ ছিল। বক্তব্যে রনজিত সরকার দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি ও ভবিষ্যৎ দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেন।

তবে যোগাযোগের চেষ্টা করা হলে সভার সময় স্বীকার করলেও সভার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করতে রাজি হননি রনজিত সরকার বা উপস্থিত নেতারা। সভার স্থান জানতে চাইলে তারা সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি করলেও সভাটি কোথায় হয়েছে, তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই জেলা প্রধানের বক্তব্যে স্পষ্ট সমন্বয়হীনতা ফুটে উঠেছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন দাবি করেন, সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ওই নেতার প্রবেশের কোনো সুযোগ নেই। তাঁর ধারণা, সুনামগঞ্জের নেতাকর্মীদের ডেকে নিয়ে সিলেট সীমান্তের কোনো গোপন স্থানে এই ভিডিও ধারণ করা হতে পারে।

তবে এ দাবি নাকচ করে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, এই সভা সিলেট সীমান্তে হয়নি। উপস্থিত লোকজন এবং ভৌগোলিক দিক বিবেচনায় এটি সুনামগঞ্জেরই কোনো সীমান্ত স্পটে হয়ে থাকতে পারে।

অন্যদিকে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পক্ষ থেকে কড়া নজরদারি ও খোঁজখবর নেওয়া হয়েছে। এই সীমান্তে এমন কোনো সভা অনুষ্ঠিত হওয়ার কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

সীমান্তজুড়ে উচ্চ সতর্কতার মধ্যে পলাতক এক সাবেক সংসদ সদস্যের এমন দাবি এবং তা নিয়ে সিলেটের দুই জেলা পুলিশ প্রধানের বিপরীতমুখী বক্তব্য সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad