সিলেটে বাস দুর্ঘটনা: কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নয়জন নিহতের ঘটনায় কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সড়ক ও জনপথ বিভাগ এবং ওসমানীনগর উপজেলা প্রশাসনের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এদিনকে বলেন, শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। এ ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। গুরুতর আহত আইসিইউতে থাকা একজনকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের দাফন-কাফনের জন্য তাদের পরিবারের কাছে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, সংঘর্ষের সময় মহাসড়কের ওই অংশে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি কিংবা চালকের ঘুমিয়ে পড়ার মতো বিষয়গুলোকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো কারণকেই চূড়ান্ত বলা যাচ্ছে না।
জেলা প্রশাসক বলেন, তদন্ত কমিটি দুর্ঘটনার সময়কার পরিস্থিতি, বাস দুটির চলাচল, চালকদের ভূমিকা এবং সড়কের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করবে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কারও দায় থাকলে তা প্রতিবেদনে তুলে ধরবে।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: