সিলেট-মাস্কাট রুটে সালাম এয়ার: ওমানপ্রবাসীদের জন্য সুসংবাদ
দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক বেসরকারি বিমান সংস্থা ‘সালাম এয়ার’ সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। এতে প্রবাসীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি দীর্ঘদিন পর ওসমানী বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অনুপস্থিতিরও অবসান ঘটবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং আধুনিক ওয়্যারহাউসসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সত্ত্বেও দীর্ঘদিন কোনো বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ছিল না। ২০১৫ সালে দুবাইভিত্তিক ‘ফ্লাই দুবাই’ এই বিমানবন্দরে প্রথম কার্যক্রম শুরু করলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে তা বন্ধ করে দেয়। এরপর থেকে কেবল দেশীয় এয়ারলাইন্সগুলোই বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ প্রথম সিলেটকে জানান, প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন সিলেট-মাস্কাট রুটে সালাম এয়ারের ফ্লাইট চলবে। এতে তুলনামূলক কম খরচে ওমান যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা।
সালাম এয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি প্রথম সিলেটকে জানান, বাংলাদেশে প্রতি সপ্তাহে তারা মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবেন; যার মধ্যে চট্টগ্রামে ১৪টি, ঢাকায় ৭টি এবং সিলেটে ৩টি। সিলেটে সিটি অফিস ও বিমানবন্দর ডেস্ক খোলার প্রস্তুতিও প্রায় শেষ।
এদিকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, ফ্লাই দুবাই এবং এয়ার এরাবিয়া সিলেট রুটে পুনরায় বা নতুন করে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, ওসমানী বিমানবন্দরকে একটি কার্যকর আন্তর্জাতিক হাবে পরিণত করার কাজ চলছে। আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ভবিষ্যতে সিলেট-গুয়াহাটি রুটেও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: